সাইকেল চালিয়ে হাবিপ্রবি’র তিন শিক্ষার্থীর টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রা

মাতৃভাষার অপব্যবহার এবং ঐতিহাসিক স্থাপনার ধ্বংসরোধে জনসচেতনতার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী সাইকেলে করে তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

সাইকেল আরোহী তিন শিক্ষার্থী হলেন- হাবিপ্রবির স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের আশরাফুল আলম নাসিম, মোজাফফর হোসাইন প্রলয় এবং বিশ্ববিৎ রায় অভি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাইকেল আরোহী তিন শিক্ষার্থী বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করেন।

এরপর বাংলাবান্ধা হয়ে পঞ্চগড়ে আসার পথে পঞ্চগড় থানার ইন্সপেক্টর মো.জামাল হোসাইন (তদন্ত) সাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় যাত্রাপথের বিরতিতে হাবিপ্রবিতে অবস্থান করার কথা রয়েছে আরোহী তিন শিক্ষার্থীর। যাত্রা বিরতি শেষে তাঁরা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ চট্টগ্রামের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি হয়ে টেকনাফে সাইকেল যাত্রা শেষ করবেন বলে জানিয়েছেন।
তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশে সাইকেল যাত্রার লক্ষ্য কি জানতে চাইলে আশরাফুল আলম নাসিম বলেন, ‘আমরা মূলত দু’টি উদ্দেশ্য নিয়ে সাইকেল যাত্রা করছি। প্রথমত অন্য ভাষার সংমিশ্রণে মাতৃভাষার যে অপব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা। দ্বিতীয়ত বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো এবং তার ঐতিহ্য সম্পর্কে সকলের মাঝে জ্ঞান বৃদ্ধি করাসহ কমলাপুর রেলস্টেশন থেকে শুরু করে ঢাবি এবং ঢাবির টিএসসি ভবনের মতো আমাদের দেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ভেঙে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা.মো.ফজলুল হক সাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তাদের অগ্রীম অভিনন্দন জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.