বশেমুরকৃবি’র নেতৃত্বে সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)’র নেতৃত্বে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতিতে আগামী ২৯ মে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বশেমুরকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, গত বছর প্রথম গুচ্ছ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ^দ্যলয়ের নেতৃত্বে। ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮ থাকতে হবে। পৃথকভাবে এসএসসিতে জিপিএ ৩.৫ এবং এইচএসসিতে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বশেমুরকৃবি’র রেজিস্ট্রার এবং আইটি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রমে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লিড ইউনিভার্সিটি হিসেবে দায়িত্ব পালন করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.