শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ইশা ছাত্র আন্দোলনের

অনলাইন ডেস্ক ||

সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। করোনা পরিস্থিতির মধ্যেও হাট-বাজার, শপিংমলসহ জনবহুল সব স্থান মুক্ত করে দিয়েছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ধ্বংসের পথ সুগম করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। অনেকেই অনৈতিক কার্যকলাপে জড়াচ্ছে। বিভিন্ন এলাকায় উঠতি শিক্ষার্থীদের মধ‌্যে কিশোর গ্যাং গড়ে উঠছে, যা অভিভাবকসহ সমাজ ও রাষ্ট্রের জন্য সীমাহীন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

‘অনলাইন পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ তেমন একটা থাকে না। পাহাড়ি ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের জন্য ডিভাইস বা নেটওয়ার্ক সমস্যার কারণে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন দুরূহ হয়ে পড়েছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে পরিহাসের নামান্তর। তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি,’ বলেন ছাত্রনেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল করিম আকরাম, সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব প্রমুখ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.