তাসলিমুল আলম:
রাজশাহীর এরশাদ আলী। রিকশা চালক থেকে হয়েছেন কোটিপতি এরশাদ গ্রুপের মালিক। তবে তার এই বিপুল সম্পদ হয়েছে ঋণের নামে ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোপাটের মাধ্যমে। দুদকের অনুসন্ধান প্রতিবেদন বলছে, কেবল এবি ব্যাংকের একটি শাখা থেকেই ১৫৪ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন এরশাদ। এই দুর্নীতির সাথে ব্যাংকটির সাবেক দুই এমডিসহ ১৬ কর্মকর্তার সংশ্লিষ্টতাও পেয়েছে দুদক। যাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
রাজশাহী শহরে একসময় রিকশা চালাতেন এরশাদ আলী। এরপর রিকশা ছেড়ে শুরু করেন বালির ব্যবসা। পরবর্তীতে যুক্ত হন পাথর, রড ও সিমেন্টের ঠিকাদারীতে। গড়ে তোলেন এরশাদ গ্রুপ। সামর্থ্য যাচাই না করেই তার এ ব্যবসায় শত শত কোটি কোটি টাকা ঋণ ঢেলেছে চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এঘটনায় দুদকের অনুসন্ধান শুরুর পরে অনেকটা অত্মগোপনে এরশাদ আলীসহ এরশাদ গ্রুপের উর্ধ্বতনরা।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের তথ্য বলছে, এরশাদ গ্রুপ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে কাকরাইলে এবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থেকে। সিনোহাইড্রো কর্পোরেশনসহ চীনা তিন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া পদ্মা ব্রীজের রেল সেতু প্রকল্পে পাথর সরবারহের ভুয়া কার্যদেশ দেখিয়ে এরশাদ ব্রাদার্স ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই শাখা থেকে ৬ ধাপে ১১৪ কোটি টাকা ঋণ নিয়ে লোপাট করে।
অনুসন্ধান বলছে, বিশাল অঙ্কের এই ঋণ ছাড়ের ব্যাপারে এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যলয়ের সঠিক তদারকি ছিল না। জালিয়াতির ঘটনায় এরশাদ আলীসহ ব্যাংকের সাবেক এমডি মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।
এবি ব্যাংক থেকে নেওয়া ১১৪ কোটি টাকা ঋণ; বর্তমানে সুদ আসলে হয়েছে ১৫৪ কোটি টাকা। জড়িতদের বিরুদ্ধে মামলা করতে কমিশনের কাছে অনুমতি চেয়েছে অনুসন্ধানকারী কর্মকর্তা।
এছাড়া এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী ও তার ভাই ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের অবৈধ সম্পদের অনুসন্ধানও করছে দুদক।
এরশাদ আলী অর্থ লোপাটে এবি ব্যাংকের যাদের যোগশাজস পেয়েছে দুদক:
এ.বি.এম আব্দুস সাত্তার, শাখা ম্যানেজার, ইসলামি ব্যাংকিং শাখা, কাকরাইল, এবি ব্যাংক। আব্দুর রহিম, সাবেক এবিপি ও রিলেশনশিপ ম্যানেজার, ইসলামী ব্যাংকিং শাখা, কাকরাইল, এবি ব্যাংক। আনিসুর রহমান, এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার, ইসলামী ব্যাংকিং শাখা, কাকরাইল, এবি ব্যাংক।
শহিদুল ইসলাম, ভিপি, ইসলামী ব্যাংকিং শাখা, কাকরাইল, এবি ব্যাংক।
রুহুল আমিন, এভিপি, ইসলামী ব্যাংকিং শাখা, কাকরাইল, এবি ব্যাংক।
মসিউর রহমান চৌধুরী, সাবেক এমডি, এবি ব্যাংক।
শামীম আহমেদ চৌধুরী, সাবেক এমডি, এবি ব্যাংক।
ওয়াসিক আফরোজী, ইভিপি এবং হেড অব সিআরএম, এবি ব্যাংক।
মুফতি মুস্তাফিজুর রহমান (স্বপন), ভিপি এবং সিএমআর এর সদস্য, এবি ব্যাংক।
সালমা আক্তার, সাবেক এস ই ভিপি এবং হেড অব সিআরএম, এবি ব্যাংক।
এমারত হোসেন ফরিক, এভিপি ও সিআরএম সদস্য, এবি ব্যাংক।
তৌহিদুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল অফিসার, এবি ব্যাংক, বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত।
শামীম-এ-মোরশেদ, এসভিপি ও সিআরএম এর সদস্য, এবি ব্যাংক।
খন্দকার রাশেদ আনোয়ার, ভিপি ও সিআরএম এর সদস্য, এবি ব্যাংক।
সিরাজুল ইসলাম, এভিপি ও সিআরএম’র সদস্য, এবি ব্যাংক
মাহফুজ-উল-ইসলাম, সাবেক ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য, এবি ব্যাংক।
সুত্রঃ বৈশাখী অনলাইন ডটকম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
