এইমাত্র পাওয়া

১২ বলেই অর্ধশত!

স্পোর্টস ডেস্ক :

আবুধাবিতে চলছে টি-টেনের মহাআসর। টি-টোয়েন্টির মারকুটে ব্যাটিংকে ছাপিয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। প্রতি ওভারেই চার-ছক্কা হজম করেও এক গাল হাসেন বোলাররা। এ কয়দিনের ম্যাচে এটাই বোঝা গেছে, টি-টেন লিগে ক্রিকেটীয় ব্যাকরণের ধার ধারেন না ব্যাটসম্যানরা। ১০ রানে ওভার শেষ করতে পারলে নিজেদের বীর মনে করেন বোলাররা।

বুধবার রাতের ম্যাচে বোলারদের একটু বেশিই তুলোধোনা করেছেন নর্দান ওয়ারিয়র্সের পাকিস্তানি তারকা ওয়াসিম মুহাম্মদ। এদিন বাংলাদেশের নাসির হোসেনের দল পুনে ডেভিলসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেন ওয়াসিম। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি হাঁকান তিনি।

এ অর্ধশতকের মধ্যে ৩টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার ছিল। শেষপর্যন্ত ১৩ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন ওয়াসিম। এ ৫৬ রানের মধ্যেমাত্র দুই রান দৌড়িয়ে নিয়েছেন ওয়াসিম মুহাম্মদ। অর্থ্যাৎ মাত্র একটি বল ডট খেলেছেন এ পাক ব্যাটসম্যান।

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে পুনে ডেভিলস।

সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে। জবাবে ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াসিম মুহাম্মদের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪.৩ (২৭ বলে) ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.