নিউজ ডেস্ক।।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য নীতি পালটে দেওয়ার কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ভাইরাস মোকাবিলাসহ অন্তত ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন। নির্বাহী আদেশের ফলে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগ দেওয়ার সুযোগ হয়েছে যুক্তরাষ্ট্রের। এমনকি বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করেছেন বাইডেন। খবর বিবিসি ও সিএনএনের
শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে যাওয়ার সময় বাইডেন টুইটার বার্তায় বলেন, ‘আমাদের সামনে যে সংকট, সেটি সামাল দিতে অপচয় করার মতো সময় নেই। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় পদক্ষেপ জোরদারসহ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অন্য নির্বাহী আদেশগুলো জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানকে ঠিক উলটে দিয়েছে। বুধবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে শপথ নেওয়ার পর বিকেলে হোয়াইট হাউজের ওভাল অফিসে গিয়ে কাজ শুরু করেন বাইডেন।
কী কী নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন?
নির্বাহী আদেশের বর্ণনা করে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন শুধু ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ক্ষতিগুলোই সংশোধন করবেন না; বরং তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। করোনা ভাইরাস মহামারি সামাল দিতে ধারাবাহিক কিছু পদক্ষেপ নেওয়া হবে। এতে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সব ধরনের কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হবে।
মহামারির বিষয়ে পদক্ষেপের সমন্বয় করতে একটি আলাদা দপ্তর গড়ে তোলা হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্প প্রশাসনের শুরু করা প্রক্রিয়া স্থগিত করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আবারও যুক্ত হওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফানি দুজারিক জানান, মহাসচিব বলেছেন যে, সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাইডেন আরো জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই হবে তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে আবার যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। গত বছর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি থেকে বের হয়ে এসেছিলেন ট্রাম্প। বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইনের প্রেসিডেন্সিয়াল অনুমোদন বাতিল করেছেন বাইডেন। এই পাইপলাইনের বিরুদ্ধে পরিবেশবাদী ও নেটিভ আমেরিকান গোষ্ঠীগুলো এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে। বেসরকারিভাবে অর্থায়নে থাকা পাইপলাইনটির মূল্য প্রায় ৮ বিলিয়ন ডলার। কোম্পানিটি কানাডার আলবার্টা থেকে নেব্রাস্কায় দৈনিক ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করত।
২০১৫ সালে এই পাইপলাইন কোম্পানির প্রতিষ্ঠায় আনা একটি বিলে ভেটো দিয়েছিলেন বারাক ওবামা। কিন্তু সেটি উলটে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসনের ওপর ট্রাম্প প্রশাসনের জারি করা জরুরি প্রস্তাব বাতিল করেছেন বাইডেন। এই জরুরি প্রস্তাবনার অধীনে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে অর্থায়ন এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অন্য নির্বাহী আদেশগুলো বর্ণ ও লৈঙ্গিক সমতাবিষয়ক। বাইডেন প্রেসিডেন্সির আওতায় প্রথম অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি জেন সাকিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি প্রেসিডেন্ট বাইডেনের স্বার্থকে প্রচার করবেন, নাকি সাদামাটা সত্য উপস্থাপন করবেন? উত্তরে তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি সরকারে স্বচ্ছতা ও সত্য ফিরিয়ে আনতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন।
বাইডেন প্রথম ফোন দেবেন কানাডার প্রধানমন্ত্রীকে
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার থেকেই বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট। শুরুতেই তিনি কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। তিনি বলেন, এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা প্রেসিডেন্টের নেই। তার শুরুর দিককার ফোনালাপ হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে। সাকি বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করার পর এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন।
উদার চিঠি লিখেছেন ট্রাম্প
জো বাইডেন জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার দপ্তর ছাড়ার আগে চিঠি লিখে রেখে গেছেন। এই চিঠির ভাষা খুবই উদার। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে বাইডেন বলেন, ট্রাম্পের সঙ্গে কথা না বলে তিনি কিছু জানাতে চান না। গত ১৫০ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তবে প্রথা অনুযায়ী তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প উত্তরসূরিদের জন্য চিঠি লিখে রেখে যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
