নিউজ ডেস্ক।।
অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় নগরীর সিঅ্যান্ডবি পোল এলাকায় অবরোধ করেন তারা। এ সময় তারা দাবিসংবলিত নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার করায় পুলিশ।
জানা যায়, শিক্ষাজীবন থেকে এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তরণে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেওয়া, সব অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে শিক্ষার্থীদের দাবি পৌঁছে দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর ১টার দিকে পুলিশের সহায়তায় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জেলা প্রশাসককে অবহিত করেন। শিক্ষার্থীরা অনতি বিলম্বে তাদের দাবিগুলোর যৌক্তিক সমাধান দাবি করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
