দেশজুড়ে শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক ||

স্মৃতির মিনার মোর পবিত্র ভাষার মান সমুন্নত’ শিরোনামে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে বুধবার দেশ জুড়ে শহিদ মিনার পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় ছিল পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন।

রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি ঢাকার বাইরে সব জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের কর্মীবৃন্দ যুক্ত হয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শহিদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

বুধবার কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল থেকে পর্যায়ক্রমে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব নওসাদ হোসেন, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, চিত্রশিল্পী বীরেন সোম এবং জামাল আহমেদ।

লিয়াকত আলী লাকী বলেন আমরা বাঙালি, বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা যা আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে অর্জন করেছি। এ ভাষার মান সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আমি আহ্বান জানাই শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীদের আপনারা সব ভাষা শহিদের প্রতি সম্মান জানিয়ে দেশের সব শহিদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.