এইমাত্র পাওয়া

মাদকের প্রমাণ মিললে জুটবে না চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানও ভর্তি নেবেনা

নিউজ ডেস্ক।।

শরীরে মাদকের প্রমাণ মিললে সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি জুটবে না। ভর্তি হওয়া যাবেনা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে। উপযুক্ত প্রতিষ্টান থেকে ড্রাগ টেস্টের পর সনদ নিয়ে চাকরি কিংবা ভর্তির আবেদন করতে হবে।

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিতে ঐকমত্য পোষণ করে ডোপ টেস্টের জন্য ‘বাংলাদেশ ড্রাগ টেস্টিং ইনস্টিটিউট’ নামে একটি পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, আমরা প্রস্তাব করেছি বিশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বোর্ড গঠন করা যেতে পারে। তাদের দায়িত্বই থাকবে ড্রাগ টেস্ট করা। একটি আলাদা বোর্ড থাকলে তাদের সার্টিফিকেট নিয়েই সব চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। ‘বাংলাদেশ ড্রাগ টেস্টিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রণালয় একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা কাজ করছে। এ ছাড়া সবার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামীতে এটি আরও কড়াকড়ি করা হবে বলেও জানান সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.