করোনা থাকলেও স্কুলগুলো নিরাপদ ঃঃ বরিস জনসন

অনলাইন ডেস্ক ঃ
দেশজুড়ে কোভিড-১৯ এর নতুন স্ট্রেইন থাকলেও স্কুলগুলোকে নিরাপদ বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, স্কুলগুলো নিরাপদ এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই অভিভাবকদের অনুরোধ করবো, তারা যেন সন্তানদের নিয়মিত স্কুলে পাঠায়।

কোভিড-১৯ নীতিমালা মেনে ক্রিসমাসের পর পরই বিভিন্ন স্থানে ক্লাস পুনরায় চালু হয়েছে। শিক্ষাকে অগ্রাধিকার দেয়া এবং শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না যায়, সেটাই সরকারের লক্ষ্য, যোগ করেন তিনি।

বরিস জনসন বলেন, লকডাউন বিধিনিষেধ জোরদার করার বিষয়ে সরকারের আরো বিবেচনা করা প্রয়োজন। তবে কেমন পদক্ষেপ হতে পারে, সে ব্যাপারে কোনো কিছুই জানাননি তিনি।

প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত করা হয়। এর পর থেকেই দেশটির সঙ্গে বিশ্বের অনেক দেশই বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। ফ্রান্সসহ আরো কয়েকটি দেশ সীমান্তও বন্ধ করে দিয়েছিল। অবশ্য এখন আবার অধিকাংশ দেশই পুনরায় ফ্লাইট চালু করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.