নিউজ ডেস্ক।।
বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে গত বছর ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।
তার অভিযোগ, বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। যার ফলে তিনি ও তার পরিবার হেয় প্রতিপন্ন হয়েছেন। ন্যানসির এই অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে পুলিশ। যার ফলে, গত ৩১ ডিসেম্বর আদালতের সমন পেয়েছেন আসিফ আকবর। সমন অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে আসিফকে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দীর্ঘ সময় নিয়ে এর তদন্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
এ প্রসঙ্গে ন্যানসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তিনি আমার সিনিয়র। কিন্তু তিনি এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলবেন, সেটা মেনে নেওয়া যায় না। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আদালত যা রায় দিবে তাই মেনে নিতে হবে।’
এদিকে, বিষয়টি নিয়ে আসিফ আকবরকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মামলার বিষয়ে ইতিমধ্যেই এক ফেসবুকবার্তায় আসিফ জানিয়েছেন, বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোনো একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে।
তিনি আরও জানান, মামলা আমার ভালো লাগে না। আবার রাশি গন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই, ততই আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোন রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য্য, তবে এটা দুর্বলতা নয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
