নিউজ ডেস্ক।।
বয়সের ফাঁদে পড়ে বিপুলসংখ্যক ভর্তিচ্ছু শিশু স্কুল ভর্তিতে আবেদন করতে না পারায় সারাদেশে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার ভর্তি আবেদনের সময় আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন।
একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেওয়া শর্তটিও স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
উচ্চ আদালতের এ আদেশের পর মঙ্গলবার বিকেলে ভর্তি লটারি স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক ভর্তি লটারি স্থগিতের সত্যতা স্বীকার করে সমকালকে বলেন, বুধবার আদালতের আদেশ পর্যালোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় সমকালকে বলেন, আদালতের আদেশের কারণে ভর্তি লটারি স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত সবাইকে জানিয়ে দেওয়া হবে। ভর্তি আবেদনের সময় বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত লটারি স্থগিত করাটাই আমাদের সিদ্ধান্ত।
এর আগে বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আবেদনের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মনজুর এলাহী পরাগ ও আইনজীবী আইনুন নাহার।
এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ হাইকোর্টে স্থগিত হলো।
এর আগে সোমবার সমকালের প্রথম পাতায় ‘স্কুলে ভর্তি নিয়ে তালগোল’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সারাদেশের লক্ষাধিক শিশু এবার পছন্দের বিদ্যালয়ে ভর্তির আবেদনই করতে পারেনি।
এ অবস্থার মধ্যেই গত রোববার সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনের সময়সীমা পার হয়েছে। আবেদনের শেষ দিনে শত শত অভিভাবক সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বয়স মাত্র কয়েক মাস কম থাকলেও ভর্তি আবেদন গ্রহণ না করার কারণে ২০২১ শিক্ষাবর্ষের স্কুল ভর্তি নিয়ে পাকিয়ে গেছে তালগোল।
এতদিন অনলাইনে আবেদন গ্রহণ করা হলেও মাউশি কর্তৃপক্ষ এবারই প্রথমবারের মতো যান্ত্রিক পদ্ধতিতে টেলিটক লিমিটেডের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আবেদন গ্রহণ ও ভর্তি লটারির আয়োজন করেছিল। তবে বয়স অল্প কয়েকদিন কম থাকলেও সফটওয়্যার আবেদন গ্রহণ করছিল না। লাখ লাখ ভর্তিচ্ছু শিশু বয়সের ফাঁদে পড়ে আবেদনই করতে পারেনি।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এক সপ্তাহ বাড়ল : ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল একই আদালত রুলসহ এ আদেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
