অনলাইন ডেস্ক ঃ
আসন্ন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার বই উৎসব নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রায় তৈরি করা আছে। ফলাফল নিয়ে কেউ অসন্তুষ্ট হলে আপিল করা যাবে। তার আগে ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করা হবে এবং সেই লক্ষ্যে ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি কাজ করছে। আশা করছি, অধ্যাদেশ জারির পর পরই ফলাফল প্রকাশ করতে পারবো।
এ সময় ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কথা উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। এরপর মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ের মধ্যে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হবে। অবশ্য সবকিছুই করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
সিলেবাস ছোট করা প্রসঙ্গে তিনি বলেন, আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা অল্প সিলেবাসের মধ্যে নেয়া হবে। সে জন্য কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি।
‘দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২০২১ সালের জুন মাসে হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর উচ্চমাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে ২০২১ সালের জুলাই-আগস্ট নাগাদ।’ যোগ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
