অনলাইন ডেস্ক ঃ
বই উৎসব ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ২৯ ডিসেম্বর দুপুরে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন শিক্ষামন্ত্রী বই উৎসব ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন।
জানা গেছে, আসছে বছর বই উৎসব হবে না। স্কুল পর্যায় থেকেই বই বিতরণ করা হবে। মহামারি বিবেচনায় এবার বই উৎসব হবে না। এদিকে ২০২১ শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব ছাত্রছাত্রী নতুন বই না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইতোমধ্যে সারাদেশে স্কুলপর্যায়ে বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে। মোট চাহিদার বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী শিক্ষাবর্ষের জন্য ছাপা হচ্ছে প্রায় ৩৬ কোটি পাঠ্যবই। ৩১ ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপা ও সরবরাহ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা থাকলেও সেই লক্ষ্য পূরণ হচ্ছে না কাগজের মূল্য বৃদ্ধি এবং বাজারে কাগজ সংকটের কারণে। এখন পর্যন্ত প্রায় ২২ কোটি কপি বই উপজেলা পর্যায়ে সরবরাহ করতে সক্ষম হয়েছে ছাপাখানা মালিকরা। বছরের শেষ কয়েক দিনে আরও ২ থেকে ৩ কোটি বই ছাপা হতে পারে বলেও দাবি কর্মকর্তাদের।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২২ ডিসেম্বর প্রাথমিক স্তরের আট কোটি ৪৫ লাখ ৬৫ হাজার কপি এবং মাধ্যমিক শিক্ষা স্তরের ১৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার কপি বই উপজেলা পর্যায়ে ছেপে সরবরাহ করেছে ছাপাখানা মালিকরা। নির্ধারিত সময়ে সব বই ছাপা সম্ভব না হওয়ার কারণে এবার রাজধানী ও আশপাশের এলাকা এবং বিশেষ জেলাগুলোতে শতভাগ বই সরবরাহের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
