নিজস্ব প্রতিনিধি।।
দীর্ঘ ৯ মাস পর বাড়ি ফিরলেন ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
সাংবাদিক কাজলের মুক্তির অপেক্ষায় স্ত্রী জুলিয়া ফেরদৌসী ও ছেলে মনোরম পলক সকাল থেকেই জেলগেটে অপেক্ষা করছিলেন। জেলগেট থেকে বেরিয়েই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি।
গত ১১ মার্চ রাজধানীর চকবাজারের বাসা থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন শফিকুল ইসলাম কাজল। ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্তের একটি মাঠ সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।
পরদিন ৩ মে অনুপ্রবেশের দায়ে বিজিবির করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন কাজল।
এর আগে কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ১০ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাংসদ সাইফুজ্জামান শিখর। একই আইনে কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় যুব মহিলা লীগের দুই নেত্রী আরও দুটি মামলা করেন। পৃথক মামলায় গত ৩ মে থেকে কারাগারেই ছিলেন সাংবাদিক কাজল। তিন মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন কাজল। যার প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানার মামলায় গত ১৯ অক্টোবর হাইকোর্ট কাজলের জামিন প্রশ্নে রুল দেন। রুলের শুনানি শেষে তিনি ২৪ নভেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
এদিকে কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার মামলায় এর আগে ৩ নভেম্বর হাইকোর্ট কাজলের জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন। চূড়ান্ত শুনানি শেষে গত ১৭ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
