ঢাকা-লন্ডন ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনার পর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক।।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশনা পেলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ ও সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এরই মধ্যে যুক্তরাজ্য ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনাভাইরাস। এর ফলে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ। এ তালিকায় আছে প্রতিবেশি দেশ ভারতও।

বিশ্বের উন্নত দেশগুলো যেখানে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছে সেখানে বাংলাদেশও গভীরভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংক্রমণ ঝুঁকি থাকলেও আপাতত বন্ধ হচ্ছে না ফ্লাইট। তবে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের আলাদাভাবে স্ক্রিনিং করা হবে। প্রয়োজনে পিসিআর টেস্টও করা হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী বলেন, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ক্ষেত্রে বিশেষ কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.