এইমাত্র পাওয়া

সিএমপি স্কুল এন্ড কলেজ: ‘মেধার সাথে ভালো মানুষ গড়ার পরিচর্চা করে’

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

‘সিএমপি স্কুল এন্ড কলেজ’ চট্টগ্রাম জেলার দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত একটি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান।

১৯৬৩ সালে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি আবদুল খালেকের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ সদস্যদের পাশাপাশি নগরীর অন্যান্য জনগোষ্ঠির সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে শুরু থেকেই প্রাথমিক শাখায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি ও মাধ্যমিক শাখায় ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা করেন।

এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মন্ডলীর সার্বিক তত্বাবধানে নিয়মিত পাঠদান, ক্লাস টেস্ট, সিএ টেস্ট ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে যাচ্ছে সিএমপি স্কুল এন্ড কলেজ । প্রতি বছর প্রাথমিক সমাপনী ও জেএসসিতে নিয়মিত ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তি পেয়ে আসছে।

২০০৯-১৬ সাল পর্যন্ত আন্তঃস্কুল ক্রিকেটে টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন সহ বির্তক প্রতিযোগিতায় বহু সুনাম ও পদক অর্জন করেছেন।

বর্তমানে সিএমপি স্কুল এন্ড কলেজে প্রাথমিক শাখায় প্রতিটি শ্রেণিতে ৩টি, মাধ্যমিক শাখার প্রতিটি শ্রেণিতে ৪টি শাখায় মোট ২৫০০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার মাহবুবর রহমান বিপিএম পিপিএম এর দিক নির্দেশনায় সকলের সমন্বিত প্রয়াসে সেরা প্রতিষ্ঠিান হিসেবে রুপান্তরিত করার সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে জানান সিএমপি স্কুল এন্ড কলেজে’র উপ-পরিচালক কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম।

তিনি আরো জানান তাদের লক্ষ্য গোল্ডেন মানুষ তৈরি করা। এই স্কুলে মুল যে বিষয়টিকে জোর দেওয়া তা হল নৈতিক চরিত্র ও নিয়মানুবর্তিতা।
ছাত্র-ছাত্রীদের সার্বিক পর্যবেক্ষণ ও মনিটরিং তথা কাউন্সিলিং ব্যবস্থা, মানোন্নয়ন ও পাঠে মনোযোগ বৃদ্ধি,সু-সজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক বিজ্ঞানাগার, অভিভাবক সমাবেশ ও যোগাযোগ স্থাপন, সমৃদ্ধ লাইব্রেরী, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে উৎসাহ প্রদান ও সৃজনশীলতা বৃদ্ধি, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বেতন মওকুফ ও গরিব ও মেধাবীদের বিনা বেতনে পড়ার সৃযোগ, পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তাকর্মী দ্বারা সাবির্ক নিরাপত্তা ব্যবস্থা ও সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস এই প্রতিষ্ঠানের ঈর্ষনীয় বৈশিষ্ট্য।

অপরদিকে সিএমপি স্কুল এন্ড কলেজে এসএসসি’র ফলাফলে ২০১৩-২০১৭ সালে পাশের হার ছিল ৯৮.৫%, ৯৯.১৫%, ৯৮.৪০%, ১০০%, ৯৬%। জেএসসি ও পিএসসি তে পাশের হার শতভাগ।

এ রকম সকল সুবিধা সংবলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান সিএমপি স্কুল এন্ড কলেজ নগরীর আর কোথাও নেই। পাহাড়ের টিলায় সবুজে পরিবেষ্টিত সিএমপি স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসটি। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সিড়ি ভেঙ্গে উপরে গেলেই আপনার সামনে পড়বে সাদা রঙের একাধিক অ্যাকাডেমিক ভবন।

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ক্যাম্পাসটিতে রয়েছে আলাদা আলাদা ভবন ও ক্যান্টিন। প্রতিষ্ঠানটি মধ্যম আয়ের মানুষের কথা মাথায় রেখে তুলনামূলক ভাবে অনেক কম খরচে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। সমমানের অন্যান্য কলেজ থেকে কম ফি-তে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে।

আবার গর্ব করার মতো বিষয় হলো- পুরা কার্যক্রমটি পরিচালনায় রয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বিপিএম পিপিএম। স্কুল ও কলেজ সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে আধুনিক মানব কল্যাণমূখী শিক্ষাদানের মাধ্যমে মেধার সাথে ভালো মানুষ গড়ার প্রত্যয় ও পরিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।’

প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ওয়েব সাইট, চাইলেই আপনি সকল তথ্য তাদের ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে পারেন।

প্রসঙ্গত, চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন এর নাম পরিবর্তন করে সিএমপি স্কুল এন্ড কলেজ নামকরন করা হয়েছে। গত বছরের ১৫ মার্চ শিক্ষা মন্ত্রনালয় এর অনুমোদনে এর নাম পরিবর্তন এবং প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণিতে (তিন বিভাগেই) শিক্ষার্থী ভর্তি ও পাঠদান অনুমতি প্রাপ্ত হন বলে শিক্ষাবোর্ড স‚ত্রে জানা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.