নিউজ ডেস্ক।।
ব্রিটিশ কাউন্সিলের অধীনস্থ ‘এ’ লেভেল এবং জিসিএসই পরীক্ষা চার শর্ত পূরণ করে আয়োজনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে ইংলিশ মিডিয়ামের এ পরীক্ষা আগামী জানুয়ারি থেকেই শুরু করতে বলা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে মন্ত্রণালয়। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেয়ার অনুমতি দিয়ে ব্রিটিশ কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে।
সূত্র জানায়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করতে গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্রিটিশ কাউন্সিল। যদিও শিক্ষার্থীরা রাজপথে নেমে করোনা মহামারীর মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের অনুমোদন দেয়া হয়েছে। তবে এ পরীক্ষার জন্য কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের দেয়া শর্তগুলোর মধ্যে আছে, স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ, সারা দেশের ৩৫টি ভেনুতে প্রতিদিন এক হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে, পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে বসানোর ব্যবস্থা করতে শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শর্ত হিসেবে আরো বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেয়ার অনুমতি বাতিল করতে পারবে। আর কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
