নিউজ ডেস্ক।।
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’। ফলে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক; এই ৩ ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তিচ্ছুদের। এই ইউনিটগুলোর মাধ্যমেই তাদের বিভাগ পরিবর্তনও করতে হবে।
এ প্রসঙ্গে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নেওয়ার পর বিভাগ পরিবর্তনের জন্য আর আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।’ তিনি বলেন, ‘বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক এই ৩ বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই বিভাগগুলো থেকেই শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারবেন।
বিভাগ পরিবর্তনের যে ইস্যু তৈরি হয়েছে এর জন্য কোচিং সেন্টার দায়ী। কেননা তারা সারা বছর শিক্ষার্থীদের কোচিং করিয়েছে। তারা সাধারণ জ্ঞান পড়িয়েছে। তবে এইচএসসির পাঠ্যপুস্তকে সাধারণ জ্ঞান নেই। শিক্ষার্থীদের এইচএসসিতে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষা দিতে হবে।’
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ৩ গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তী সময়ে ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়টি চূড়ান্ত করা হয়।
জানা গেছে, শনিবার (১৯ ডিসেম্বর) উপাচার্য পরিষদের বৈঠকে পরীক্ষার মান বণ্টন, প্রশ্ন পদ্ধতিসহ বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
