এইমাত্র পাওয়া

শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন তিনি।
পেশায় ছিলেন একজন সাংবাদিক। সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্নিং নিউজে। ১৯৬৪ সালে তিনি তৎকালীন দৈনিক পাকিস্তানের (স্বাধীনতা পরবর্তী দৈনিক বাংলা) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। ১৯৭৭ সালে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। পরবর্তীতে তিনি ‘অধুনা’ নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬৬টি। এছাড়া ৪টি উপন্যাস, ৩টি প্রবন্ধগ্রন্থ, ৬টি অনুবাদ সাহিত্য, ২টি আত্মস্মৃতি প্রকাশিত হয়েছে।
কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে, নিজ মায়ের কবরের পাশে সমাধিস্থ করা হয় শামসুর রাহমানকে।

তিনি ২৩ অক্টোবর ১৯২৯ পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। ১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান জোহরা বেগমকে বিয়ে করেন। কবির তিন ছেলে ও দুই মেয়ে। তাদের নাম সুমায়রা আমিন, ফাইয়াজ রাহমান, ফাওজিয়া সাবেরিন, ওয়াহিদুর রাহমান মতিন ও শেবা রাহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.