নিজস্ব প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে উপাচার্য এম আব্দুস সোবহানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এই নির্দেশনা না মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এ রকম একটি নির্দেশনা দেয়ার পরও ১২ ডিসেম্বর তিনজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এছাড়াও সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সিন্ডিকেট সূত্রে জানা যায়।
৫০৩তম সিন্ডিকেটের ওই সভায় ন্যূনতম কোরাম পূরণ করা হলেও তাতে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের কেউ উপস্থিত ছিলেন না। পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য দুজন ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। এর বাইরে সিনেট মনোনীত সদস্য অধ্যাপক রুস্তম উদ্দিন আহমেদ সভায় সশরীরে উপস্থিত থাকলেও আচার্য মনোনীত সদস্য অধ্যাপক এম ওসমান গনি তালুকদার অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হন।
কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড ইতোমধ্যে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের শিক্ষক ড. সফিকুন্নবী সামাদী বলেন, ‘১০ তারিখে ইস্যু হলে ই-মেইল/ফ্যাক্সে ওই দিনই চিঠি পৌঁছানোর কথা। তারপরও মাত্র ৬ সদস্যের সিন্ডিকেট বসিয়ে, যেখানে শিক্ষক প্রতিনিধি ছিলেন না, নিয়োগ অনুমোদন করা এবং ১৩ তারিখে যোগদানপত্র দিয়ে নিয়োগ কার্যকর করা অবশ্যই অসততার। এর মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশও অমান্য করা হয়েছে বলে আমি মনে করি।’
এ বিষয়ে নীলিমা আফরোজ বলেন, ‘এ বিষয়টি আমরা জানতে পেরেছি। আর ইতোমধ্যে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠিও পাঠানো হয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
