এইমাত্র পাওয়া

ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে ভিসিকে ছাত্রলীগের স্মারকলিপি

আবাসিক হল খুলে দিয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এ স্মারকলিপি দেন।

এত বলা হয়, গত ১০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক সমাপনী বর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। সেশনজট নিরসন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জরুরি।

কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের সিদ্ধান্ত নেয়া একপাক্ষিক, শিক্ষার্থীদের স্বার্থের বিপ্রতীপ, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান এবং কোনো অবস্থাতেই অভিভাবকসুলভ নয়।

বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেত এবং করোনাকালীন বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রস্তাবনায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়নি, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত হয়নি এবং হলে থাকার জন্য শিক্ষার্থীদের অধিকারের সুরক্ষা দেয়া হয়নি।

অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে, শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা ও অধিকারের আলোকে হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা নেয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.