নিউজ ডেস্ক।।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমদকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গ্রামের এক প্রভাবশালী এই নির্যাতন চালিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার (০৮ ডিসেম্বর) মুক্তাখাই গ্রামের শাহনুর মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই দপ্তরি।
এলাকাবাসী জানান, অভিযুক্ত শাহানুর মিয়ার কাছ থেকে দুই বছর আগে এক লাখ টাকা ধার নেন একই গ্রামের মো. শাহজাহান। এতে জামিনদার হন শাহজাহানের চাচাতো ভাই তোফায়েল। পরে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান শাহজাহান। গত রোববার টাকা আদায় করতে গিয়ে তোফায়েলকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন শাহনুর। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন জানান, টাকা লেনদেন নিয়ে ঘটনাটি ঘটেছে। টাকার জামিনদার দপ্তরি তোফায়েলকে বেধড়ক মারপিট করেছেন শাহনুর।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
