এইমাত্র পাওয়া

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১ জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই বিনা মূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে নানা কারণে বইয়ের ছাপার কাজ বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিলেও ৩০ ডিসেম্বরের মধ্যে সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনসিটিবি। ২০২১ শিক্ষাবছরের জন্য ছাপা হচ্ছে প্রায় ৩৫ কোটি বই।

এ ব্যাপারে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘প্রায় ৭০ শতাংশ বই বিভিন্ন জেলা-উপজেলায় পৌঁছে গেছে। বাকিগুলো আশা করি এ মাসের মধ্যেই পৌঁছে যাবে। করোনার মধ্যেও আমরা যথাসময়ে মানসম্মত বই শিক্ষার্থীদের তুলে দিতে পারব।’

সব শিক্ষার্থীর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, ঝরে পড়া রোধ এবং শিক্ষাকে মানসম্পন্ন করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ২০১০ সাল থেকে প্রতিবছর  ১ জানুয়ারি  বই উৎসব করে আসছে। গত ১১ বছরে মোট ৩৩১.৩৮ কোটি বই বিতরণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.