এইমাত্র পাওয়া

১০ বছর অন্যের সনদে চাকরি, অতপর পর ধরা খেলেন তারা !

নিজস্ব প্রতিবেদক।।

অন্যের সনদে নিজের নাম ব্যবহার করে ওই সনদ দিয়ে চাকরি নিয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই মাধ্যমিক বিদ্যালয়ের দুই সহকারী কম্পিউটার শিক্ষক।

এদের মধ্যে একজন দীর্ঘ ১০ বছর ধরে এবং অন্যজন ৯ বছর ধরে যথারীতি চাকরি করে বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।

অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাই-বাছাইকালে ধরা পড়ল এমন জাল-জালিয়াতির ঘটনা।

অভিযোগ উঠেছে, শিক্ষক নিয়োগে লাগামহীন অনিয়ম-দুর্নীতি এবং বাণিজ্যের কারণে সনদ যাচাইয়ে এমন শৈথিল্য প্রদর্শন করেছেন নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা।

১০ বছর পর এই দুই শিক্ষকের সনদ জাল-জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন এনটিআরসিএ কর্তৃপক্ষ৷

এনটিআরসিএর নির্দেশনা মোতাবেক অভিযুক্ত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নিতে দুই মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এনটিআরসিএর চিঠির সূত্রে জানা গেছে, ২০১০ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চর পলাশ উচ্চবিদ্যালয়ে এবং ২০১১ সালে একই ইউনিয়নের হরশী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিয়োগ পান দুই শিক্ষক।

দীর্ঘদিন যাবৎ তারা সহকারী শিক্ষক কম্পিউটার হিসেবে শিক্ষকতা করে নিয়মিত বেতন-ভাতাও উত্তোলন করে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই করে জানতে পারে- চর পলাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ মনির হোসেন নামের অন্য এক ব্যক্তির সনদ টেম্পারিং করে নিজের নাম বসানো জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন।

অপরদিকে হরশী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মফিজ উদ্দিনও শাহীদুল ইসলাম নামের অন্য এক ব্যক্তির সনদ টেম্পারিং করে নিজের নাম বসানো জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.