চাকরি প্রত্যাশীদের নিয়ে এ কেমন প্রহসন!

মো. আখতার হোসেন আজাদ ।।

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা কর্পোরেশন’-এর অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট এবং অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় গত ১৩ নভেম্বর।

অনিবার্য কারণ দেখিয়ে ১১ নভেম্বর রাতে হঠাৎ করেই পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে আবারও ২২ নভেম্বর ও ২৬ নভেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করে প্রার্থীদের মুঠোফোন ও জীবন বীমার ওয়েবসাইটে জানানো হয়। আশ্চর্যজনক হল, পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে আবারও হঠাৎ করে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।

বলার অপেক্ষা রাখে না, এতে ভোগান্তিতে পড়েছে লাখো চাকরিপ্রার্থী। পরীক্ষা কেন্দ্র ঢাকা হওয়ায় অনেকেই বাস, ট্রেন বা লঞ্চযোগে গন্তব্যস্থলে যাওয়া ও ফিরতি টিকিট ক্রয় করেছে।

হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় এভাবে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে লাখো চাকরিপ্রার্থী, যা কোনোমতেই মেনে নেয়া যায় না। এমন অসতর্কতামূলক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রায়ত্ত জীবন বীমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা কর্পোরেশন’কে দুঃখ প্রকাশের পাশাপাশি চাকরিপ্রার্থীদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

চাকরিপ্রার্থী, চাঁপাইনবাবগঞ্জ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.