নিউজ ডেস্ক।।
পদ্মা সেতুর ন্যায় শেখ হাসিনা সরকারের আরেকটি বড় প্রকল্প হলো বুলেট ট্রেন। যা রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বাস্তবায়িত হবে। এটি নির্মাণ হলে মাত্র ৫৪ থেকে ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে। চলতি ডিসেম্বর মাসে বুলেট ট্রেনের নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।
চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন এই নকশা অনুমোদন করবেন। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্তগীন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, প্রস্তাবিত বুলেট ট্রেনের রেলপথটি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য দিয়ে যাবে। ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাইস্পিড ট্রেন লাইন নির্মাণ করা হলে এ পথে যাতায়াতে এক ঘণ্টারও কম সময় লাগবে। রেলপথটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতও সহজ হবে।
এ বিষয়ে সুবক্তগীন জানান, চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশনের প্রতিনিধিরা বুলেট ট্রেনের প্রকল্পের নকশা চূড়ান্ত অনুমোদন করবেন। এই ডিসেম্বরে তারা বাংলাদেশে আসবেন। এরপর ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে যাবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ে, চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন (চীন) ও মজুমদার এন্টারপ্রাইজ (বাংলাদেশ) যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরি কাজ করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
