মো ফাহাদ বিন সাঈদ।।
আসন্ন (২০২০-২০২১)ইং শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়ার বিষয়ে পূর্বের সিদ্ধান্তে অটল রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ৩টি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে ১টি, সাতটি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয় মিলে ১টি এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে ১টি গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে এক মতবিনিময় সভায় চূড়ান্তভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
তবে গুচ্ছ পদ্ধতিতে না এসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে অটল রয়েছে। সেক্ষেত্রে বড় ৫টি বিশ্ববিদ্যালয় ছাড়াই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে ইউজিসি।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় একই বিষয় রয়েছে। তাই দুটি একসাথে নেয়া হচ্ছে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ তিনটি বিষয়ে ওপর পরীক্ষা নেব আমরা। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তিনদিনে এসব পরীক্ষা নেয়া হবে।
উল্লেখ্য, যে সব বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা,চারুকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, সঙ্গীত ইত্যাদি বিভাগ আছে সে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ গুলোর জন্য আলাদা ভাবে নিজ ক্যাম্পাসেই পরীক্ষা আয়োজন করবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের স্বাস্থবিধি মেনে সরাসরি পরীক্ষা নেওয়ার জন্য সববিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন ইউজিসির কাছে আবেদন জানিয়েছে। এই বিষয়ে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নির্দেশনা দিবে ইউজিসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
