নিউজ ডেস্ক।।
সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি প্রদান ও শিক্ষকদের এমপিওভুক্তি করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সংগঠন-বাপ্রবিস ৷ আজ সোমবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে তারা।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. নাসির উদ্দিন রাসেল বলেন, আমরা সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে বিগত ৮-১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ চালিয়ে আসছে বিধায় প্রতিবন্ধীরা পুর্নবাসনসহ অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছে।
তিনি আরও জানান, কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং বিদ্যালয়গুলোর ৬০ হাজারের অধিক শিক্ষক কর্মচারী বিনা বেতন-ভাতায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাই সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শনকৃত এই বিশেষ বিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বীকৃতি ও এমপিও প্রদান একান্তভাবে জরুরি পড়েছে।
মানববন্ধনে পাঁচ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলো হলো- ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও প্রদান করা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদনকৃত এবং যাচাই-বাছাইকৃত ১৫২৫টি বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ডিসেম্বর, ২০২০ এর মধ্যে প্রদান করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধী স্কুল ভিত্তিক টিফিন/বিস্কুট/মিড ডে-মিল চালু করা, প্রত্যেক প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা এবং পর্যাপ্ত শিক্ষা উপকরণ বরাদ্দ করা প্রভৃতি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
