মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।
যথাযোগ্য মর্যাদায় ড়াইায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন আজ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী।
শোকের এই দিনে ইতিহাসের প্রবাদপুরুষ, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সশ্রদ্ধ সালাম জানাই।
১৯৭৫-এর কালিমালিপ্ত রক্তঝরা এ দিনেই জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও ঘৃণ্যতম পৈশাচিকতায় হত্যা করা হয়।
কিছু বিশ্বাসঘাতক রাজনীতিকের চক্রান্ত ও সেনাবাহিনীর এক দল বিপথগামী উচ্চাভিলাষী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাত বরণ করেন তার প্রিয় সহধর্মিণী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। প্রবাসে থাকায় সেদিন প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

নৃশংস সেই হত্যাযজ্ঞে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ছোট ভাই পঙ্গু মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ সেরনিয়াবাত, মেয়ে বেবী সেরনিয়াবাত, শিশু পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু এবং বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারী।
মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতা এবং সব মহতী আকাঙ্ক্ষাকেও হত্যা করতে চেয়েছিল। মুছে ফেলার অপপ্রয়াস চালিয়েছিল বাঙালির বীরত্বগাথার ইতিহাসকেও। অবশ্য খুনিদের সেই ষড়যন্ত্র টেকেনি। বাঙালি ও বিশ্ববাসীর মানসপটে বঙ্গবন্ধু আজও স্বমহিমায় উজ্জ্বল, চিরভাস্বর।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব এম এ হালিম সিকদার, সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জমান আরা,উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দফতরের প্রধান ও দলীয় নেতা কর্মীরা অংশ নেন। এর আগে সকালে দলীয় কাযালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। দিবসটি উপলক্ষে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্গালীভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
