বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক চালক ইমরানকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত-কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক চালক ইমরানকে আটক করা হয়। ইমরান গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটার ট্রাক চালক ইমরান গোপালগঞ্জ থেকে ঢাকা নিয়ে মহাখালীর হোটেল ক্রিস্টল ইনে রাখে। ১৩ আগস্ট সেখান থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার ও দুইজনকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আরও পাঁচজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলো চুরির সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তবে এখনও বাকি ১৫টি কম্পিউটারের হদিস মেলেনি। অভিযোগ রয়েছে, মূলহোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনই কোনো তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করতে পারছি না।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
