মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক :

কুষ্টিয়ায় আলোচিত ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসা সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বেলা সোয়া ১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় এত দ্রুত সময়ে রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম। দেড় মাস আগে এ মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদরাসায় ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করেন মাদরাসার সুপার আব্দুল কাদের। ঘটনার পর তার বাবা বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মাত্র ৭ দিনে গত ১৩ অক্টোবর ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়ে গেল। আগামীতে দ্রুত সময়ের মধ্যে এ ধরণের রায় আরো হবে বলে আমরা আশা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.