এইমাত্র পাওয়া

বেতনের দাবিতে বিক্ষোভ, ৪ দিনের ছুটি ঘোষণা

নিউজ  ডেস্ক।।

ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে চারদিনের জন্য সেই কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে কারখানার সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সরেজমিনে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করতো না। প্রতিমাসের বেতন ১০ তারিখে পরিশোধ করার কথা থাকলেও সেটা ১৫, ২০ বা ২২ তারিখ পর্যন্ত চলে যেতো। এতে প্রতিমাসেই বড় বিপাকে পড়তে হতো শ্রমিকদের।

সঠিক সময়ে বেতন চাওয়ায় শ্রমিকদের উপর কর্তৃপক্ষের লোকজন বর্বর নির্যাতন করেছে বলেও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ইলেকট্রিশিয়ান কিরন ও একাউন্টস অফিসার লোহার পাত দিয়ে নারী শ্রমিকদের বেধড়ক পিটিয়েছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন।

আহত শাহিদা, মর্জিনা, শাহানাজ বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সঠিক সময়ে বেতন চাওয়ায় আমাদের উপর এমন অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, ‘আমরা যে বাসায় ভাড়া থাকি, সঠিক সময়ে বাড়ি ভাড়া দিতে পারি না।’

ওডিসি কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল করিমকে বাংলাদেশ জার্নালের পক্ষ থেকে বেশ কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

কারখানাটিতে প্রায় ২২০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিল্প পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দীন। তিনি বলেন, ‘বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.