বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেলেন আশরাফুল

নিউজ ডেস্ক।।

দীর্ঘদিন পর বাংলাদেশের বড় কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে জায়গা পেলেন এক সময়ের বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে সুযোগ পেয়েছেন ড্রাফটে ‘ডি’ গ্রেডে থাকা এই ক্রিকেটার।

সর্বনিম্ন মূল্যের ‘ডি’ গ্রেডে (৪ লাখ টাকা) থাকলেও ড্রাফটের শুরুতেই দল পেয়ে যান আশরাফুল। পাঁচ দলের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটিতে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ড্রাফটে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ ছিল। সব মিলিয়ে সর্বোচ্চ ৮০ জন খেলোয়াড় দল পেয়েছেন, যদিও ড্রাফটের তালিকায় ছিলেন ১৫৭ জন ক্রিকেটার।

সর্বোচ্চ ১৫ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ গ্রেডে ছিলেন মোট ৫ জন ক্রিকেটার। তারা হলেন চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এবং পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ‘বি’ গ্রেডে ১০ লাখ, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা মূল্যের ক্রিকেটাররা রয়েছেন। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীসের মতো তারকাদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আছেন ‘ডি’ গ্রেডে।

নভেম্বরের চতুর্থ সপ্তাহে শুরু হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। আসরে অংশ নিচ্ছে মোট ৫টি দল। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.