অনলাইন ডেস্ক :
মৎস্য অধিদফতরের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্স সম্পন্নকারী ২৩৪ জনের বেতন গ্রেড উন্নীত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
অধিদফতরের ক্ষেত্র সহকারী, হ্যাচারি টেকনিশয়ান, ল্যাব সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম পাম্প অপারেটর, হ্যাচারি সহকারী ও তথ্য সংগ্রহকারীর বেতন গ্রেড ১৪ ও ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করা হয়েছে। ১১তম গ্রেডের বেতন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর ডিপ্লোমা সনদ প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে।
সোমবার (৯ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৎস্য অধিদফতরের উল্লিখিত পদে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গ্রেড উন্নীতকরণের এ কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার এ-সংক্রান্ত নথি অনুমোদন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এদিন সংশ্লিষ্ট গ্রেড উন্নীতকরণ এবং উন্নীত বেতন গ্রেডের পদগুলোতে মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এ মঞ্জুরি আদেশের মাধ্যমে মৎস্য অধিদফতরের মাঠপর্যায়ে কর্মরত উল্লিখিত কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মৎস্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
