নিউজ ডেস্ক।।
গত ২৫ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আবেদন অনলাইনে জমা নেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত চার লক্ষাধিক আবেদন জমা পড়েছে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এরপর আবেদনপত্র যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষা নেয়া হবে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।
শনিবার (৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত অক্টোবরে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ছয় হাজার ৯৪৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে শূন্য আসনের সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।
এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সহকারী পরিচালক আতিক বিন সাত্তার গণমাধ্যমকে বলেন, গত ২৫ অক্টোবর সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে গতকাল শুক্রবার পর্যন্ত তিন লাখ ৮০ হাজার আবেদন জমা পড়েছে। আজ শনিবার এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে ডিপিইর এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, শনিবার বিকেল পর্যন্ত অনলাইনে চার লক্ষাধিক আবেদন জমা পড়েছে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি আবেদন জমা পড়তে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
