নিউজ ডেস্ক।।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক এ্যাটর্নি জেনারেল মরহুম ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে রাজধানী জুরাইন (বালুরমাঠ) পোস্তগোলা অবস্থিত আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবা শুরু হয়েছে। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসেবা কার্যক্রম চলবে। প্রথম দিনেই শতাধিক রোগী চক্ষু সেবা গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিজিএম (এইচ আর এন্ড এডমিন) তারিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর।
শুক্রবার ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন সংক্রান্ত ঔষধপত্র ও থাকা খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক আইন পেশার পাশাপাশি স্বাস্থসেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আমাদের আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে সবসময় পাশে থেকে পরামর্শ দিতেন। আমাদের যে কোন অনুষ্ঠানে তিনি আসতেন। তার মৃত্যুতে আমরা বড় অভিভাবক হারিয়েছি। আমরা বিভিন্ন সময় আমাদের হাসপাতালসমূহে বিনামূল্যে সেবা দিয়ে থাকি। এবার তারই নামে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করছি। আমরা মরহুম ব্যারিস্টার রফিক-উল হকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে পরকালে উত্তম পুরস্কারে ভূষিত করেন।
তিনি আরো বলেন, আদ্-দ্বীন সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। স্বল্পমূল্যে মানসম্মত সেবাদানে আমরা বদ্ধ পরিকর। মাসব্যাপী বিনামূল্যে চোখের ছানি অপারেশ সেবা নেওয়ার জন্য গরীব দুস্থদের প্রতি তিনি আহ্বান জানান।
আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের মাধ্যমে ২০০৩ সাল থেকে সারাদেশে এ পর্যন্ত প্রায় ১ লাখ দুস্থরোগীর ছানি অপারেশন ও ৪ লাক্ষাধিক রোগী সেবা গ্রহণ করেছে। এছাড়াও আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল থেকে ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় ছয় শতাধিক রোগী ছানি অপারেশন করা হয়েছে।
ব্যারিস্টার রফিক-উল হক আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ অক্টোবর রাজধানী মগবাজার অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
