নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
সিনেট ভবনে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রোভিসি (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাবেক ভিসি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীসহ শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান জানান, শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। আগামী বছরের ১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ওই অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় অ্যালামানাই, গবেষক ও শিক্ষাবিদদের নিয়ে ঢাকায় ছয়টি এবং লন্ডনে সাতটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। লন্ডনের সেমিনারে থাকবেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো পাঠ করে শোনান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কর্মসূচির মধ্যে রয়েছেÑ শিক্ষার গুণগতমান ও পরিবেশ উন্নয়ন এবং গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ‘ঢাকা ইউনিভার্সিটি মাস্টারপ্ল্যান’ প্রণয়ন; মৌলিক ও প্রায়োগিক গবেষণা প্রকল্প এবং মৌলিক গ্রন্থ রচনাসহ জার্নালগুলো আধুনিকায়ন ও শতবর্ষের ওপর বিশেষ সংখ্যা প্রকাশ; ‘হিস্টোরি অব ঢাকা ইউনিভার্সিটি’ ও ‘দ্য রোল অব ঢাকা ইউনিভার্সিটি ইন মার্কেটিং অ্যান্ড শেপিং বাংলাদেশ’ শিরোনামে দু’টি মৌলিক গ্রন্থ প্রকাশ; বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযোজনসহ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো আধুনিকায়ন; দেশে ও বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপ্রতিষ্ঠিত অ্যালামনাই এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে ঢাকায় ছয়টি আন্তর্জাতিক সেমিনার (ওয়েবিনার) আয়োজন; বাংলাদেশে উচ্চশিক্ষার বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা এবং খ্যাতিমান পণ্ডিত, গবেষক ও বিশেষ করে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী বছরের ১২-১৪ জুলাই লন্ডনে সাতটি সেমিনারসমৃদ্ধ একটি সম্মেলনের আয়োজন; বিশেষ স্যুভেনির ও তথ্যচিত্র তৈরি; সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন; ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ ও ‘গবেষণা মেলা’ আয়োজন; শিক্ষক-শিক্ষার্থী-অ্যালামনাইদের স্বরচিত কবিতা নিয়ে কবিতাগ্রন্থ প্রকাশ এবং শিক্ষার্থীদের নিয়ে রচনা ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ ছাড়া, শতবর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে ল্যান্ডস্কেপিংসহ একটি ‘সেন্টেনারি মনুমেন্ট’ নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার গুণগতমান ও সার্বিক পরিবেশ উন্নয়ন, মৌলিক প্রায়োগিক গবেষণা ও প্রকাশনা জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরি’ করা হবে। এটাই আমাদের ভিশন।
এই ভিশনকে সামনে রেখে আমরা তিনটি ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছি। এগুলো হলোÑ শিক্ষার গুণগতমান ও সার্বিক পরিবেশ উন্নয়ন, মৌলিক ও প্রায়োগিক গবেষণা ও প্রকাশনা জোরদারকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
