এইমাত্র পাওয়া

শাহবাগ মোড় অবরোধ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।

পরীক্ষা বাতিল, সেশন জটমুক্ত শিক্ষাবর্ষসহ তিন দফা দাবি আদায়ে রোববার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো আশ্বাস ছাড়াই শুধুমাত্র পুলিশের সঙ্গে কথার প্রেক্ষিতে আড়াই ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। এ আন্দোলনে সরকারি-বেসরকারি ও ডেন্টালের প্রায় চার শতাধিত শিক্ষার্থী অংশ নেয়।

দাবি বাস্তবায়নে এ আন্দোলন সফল হবেনা বলে মনে করছেন সাধারণ মেডিকেল শিক্ষার্থীরা। কারণ হিসেবে তারা বলেন, রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশকে আন্দোলনে পাচ্ছে না তারা।

এ বিষয়ে ঢাকা মেডিকেল ছাত্রলীগের সভাপতি শেখ মো: আল-আমিন বাংলাদেশ জার্নালকে বলেন, এ আন্দোলনে ছাত্রলীগের সায় নেই। কারণ হিসেবে তিনি বলেন, যে দাবির কারণে সড়ক অবরোধ করা হয়েছে তা যথেষ্ট যৌক্তিক নয়।

তিনি দাবি করেন, এ আন্দোলনে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী ছাড়া সরকারি মেডিকেলের কোনো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি।

সম্প্রতি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্ত করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষায় বসতে চান না মেডিকেল ও ডেন্টালের এসব শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, করোনা মহামারিতে পেশাগত পরীক্ষার পরিবর্তে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা দিতে চাই। এছাড়াও শিক্ষাবর্ষ সেশনজটমুক্ত করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত আদেশ এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করতে প্রশাসনের কাছে দাবি জানাই।

তারা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর শর্তানুসারে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬০ মাসের বেতন পরিশোধ করবে। সেক্ষেত্রে করোনা মহামারির কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পরও অতিরিক্ত বেতন পরিশোধ করতে হচ্ছে। একদিকে সেশনজট অন্যদিকে অতিরিক্ত বেতন পরিশোধ করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.