নিউজ ডেস্ক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ সংবাদ সংগ্রহে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। তবে এক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। রিপোর্টে করোনা নেগেটিভ আসলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ‘আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। যাদের ফলাফল নেগেটিভ আসবে, তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয়ের উদ্যোগে এই টেস্ট করানো হবে।’
তিনি জানান, প্রতিটি গণমাধ্যম হাউস থেকে একজন করে সাংবাদিককে কোভিড-১৯ টেস্ট করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে। ৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। একইদিনে নেগেটিভ রিপোর্ট পাওয়া সাংবাদিকদের ৯ নভেম্বরের অধিবেশন কাভার করার জন্য সংসদের পাস দেওয়া হবে।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বিশেষ সুযোগ দেওয়ার কথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে পরপর তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ ছিল না।
উল্লেখ্য,গত ২১ অক্টোবর বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী 8 নভেম্বর এ অধিবেশন শুরু হবে। তবে ৯ অক্টোবর এতে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি। ওইদিনের জন্য সাংবাদিকদের প্রবেশের সুযোগসহ কিছু গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
