২৫ ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল

নিউজ ডেস্ক।।

করোনা (কোভিড-১৯) মাহামরীর কারণে এইচএসসি ও সমমান পরীক্ষায় সবাইকে অটোপাস দেয়া হবে। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এই ফলাফল প্রকাশ করা হবে জানা গেছে।

টেকনিক্যাল কমিটির পরামর্শের ভিত্তিতে এই ফলাফল দেয়া হবে। এজন্য সকল প্রকার প্রস্তুতিও শুরু হয়েছে। ১৮ অক্টোবর, রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জিয়াউল হক বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর করোনা মহামারীর কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সময় জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে এই পরীক্ষার ফল নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.