অবশেষে মারা গেলেন রগ কেটে দেওয়া বগুড়ার শিক্ষক শফিকুল

নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ার সারিয়াকান্দিতে পায়ের রগ কেটে দেয়া শফিকুল (৫৫) নামে এক স্কুলশিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শফিকুল শিক্ষক সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত হাই তুল্লাহ প্রামাণিকের ছেলে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল গত বুধবার সকালে তার বগুড়া সদরের নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারাদিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

এদিকে বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দির মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত শফিকুল মাষ্টারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সারিয়াকন্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় শফিকুল মাষ্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেকে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বলেন, বৃহষ্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শফিকুল মাষ্টারকে উদ্ধার করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন। সেইসঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.