রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর ভাটারায় বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় রাদিয়া নিতি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ভাটারার নতুন বাজার এলাকায় আমেরিকান অ্যাম্বাসির সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাদিয়া নিতির ছোট ভাই রিফাত রেজা আকাশ জানান, ঢাবির চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী রাদিয়া। বাবার নাম রেজাউল করিম। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলায়। রাদিয়া পরিবারের সঙ্গে ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে থাকতেন। পড়াশোনার পাশাপাশি পল্টনের একটি প্রাইভেট কোম্পানিতে ডিজাইনার হিসেবে চাকরি করতেন। গত সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসার উদ্দেশে বাসে চড়ে ভাটারা থানাধীন আমেরিকান গ্যারেজের সামনে নামেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার এসআই এসকান্দার আলী সরদার জানান, কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.