জানুয়ারি থেকে মাস্টার্স কোর্স চালু করবে বিআইসিএম

আগামী জানুয়ারি মাস থেকে মাস্টার্স কোর্স চালু করতে চায় শেয়ারবাজারের একমাত্র প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বাজার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিয়ে এ কোর্সটি চালু করবে বিআইসিএম ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য স্বাক্ষৎকালে এ কথা বলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

মাহমুদা আক্তার বলেন, বাজারের উন্নয়নে কাজ করছে সরকার। বাজারে সরকারি একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সরকার এবং অর্থ মন্ত্রণালয় বিআইসিএমকে সব ধরনের সহযোগিতা করছে। আগামীতেও তারা এই সহযোগিতা অব‌্যাহত রাখবে। বিনিময়ে বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিসষ্ট সবাইকে প্রশিক্ষণের কাজটি করবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমাদের রেগুলার কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হয়ে একটি মাস্টার্স কোর্স চালু করতে চাই। বিআইসিএমের পরিচালনা পর্ষদে তা অনুমোদন দেওয়া হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে আমরা আগামী জানুয়ারি মাসেই তা শুরু করতে করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, কাশফিয়া শারমিন, সিএমজেএফের সহ-সভাপতি এমএম মাসুদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক এসএমএ কালাম, অর্থ সম্পাদক আবু আলী, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান, নিয়াজ মাহমুদ, গিয়াস উদ্দিন ও নাজমুল ইসলাম ফারুক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.