অনলাইন ডেস্ক :
ইন্টারনেট ব্যাংকিং জনপ্রিয় হয়ে ওঠায় লেনদেন সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এখন থেকে ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক (ব্যক্তি ও প্রতিষ্ঠান) অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আগের চেয়ে আড়াইগুণ থেকে পাঁচগুণ বেশি টাকা পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ব্যাংকসমূহে তথ্যপ্রযুক্তিনির্ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) লেনদেনের ঊর্ধ্বসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
১০ সেপ্টেম্বর থেকে একজন গ্রাহক প্রতিদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। একবার লেনদেন করতে পারবেন সর্বোচ্চ এক লাখ টাকা। দৈনিক মোট ১০টি লেনদেন করা যাবে।
এতোদিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারতেন। প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দৈনিক মোট ২০টি লেনদেন করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
