নিউজ ডেস্ক ।।
আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে মালয়েশিয়ার রোষানলে পড়া বাংলাদেশি মো. রায়হান কবিরকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে প্রায় মাসখানেক দেশটির পুলিশি হেফাজতে ছিলেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছিল, স্থানীয় সময় রাত নয়টার দিকে পুলিশ তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে।
বিমানবন্দরে হাজির করার সময় রায়হানের কাঁধে একটি স্লিং ব্যাগ ছিল। তিনি সেখানে অপেক্ষমান সাংবাদিদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাকে রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে ঢাকাগামী বিমানে তুলে দেয়া হয়।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় নামেন রায়হান। এসময় প্রিয় ছেলেকে নিতে বিমানবন্দরে এসেছিলেন বাবা শাহ আলম। তিনি ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে গত ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে দেয়া এক টুইটবার্তায় জানিয়েছিল মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
দেশটির প্রভাবশালী দ্য স্টারের প্রতিবেদনে তখন বলা হয়েছিল বলা হয়, আল জাজিরায় ‘১০১ ইস্ট’ নামের অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের প্রচারিত ওই প্রতিবেদনে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।
সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এসব অভিযোগ অস্বীকার করে সরকারিভাবে এর তীব্র সমালোচনা শুরু করে মালয়েশিয়া।
রায়হান কবিরকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিজ্ঞপ্তি প্রকাশ করে মালয়েশিয়া সরকার। এছাড়াও আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দেশটির কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে রায়হান কবিরের বাড়ি। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
