প্রাথমিকের বই ছাপাতে আগ্রহী ১০২২ প্রতিষ্ঠান

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের এক থেকে ৯৮টি লটের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দরপ্রস্তাব করেছে ১০২২টি প্রতিষ্ঠান। এর মধ্যে যাচাই-বাছাই করে ৯৮টি প্রতিষ্ঠানকে বই সরবরাহের জন্য কাজ দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

আজ বুধবার সিসিজিপির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। কাজ দেয়ার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং দরপত্রে কম দাম উল্লেখ করেছে তাদেরই কাজ দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

প্রতিবছরের মতো সামনের বছরও ১ জানুয়ারি বই উৎসব করা হবে জানিয়ে অর্থমন্ত্রী জানান, প্রাথমিকের নতুন বই মুদ্রণে সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।

বই সরবরাহের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে ১০ শতাংশ সিকিউরিটি মানি নেয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সিকিউরিটি মানি বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছিল কিন্তু সবকিছু বিবেচনা করে সেটি কার্যকর করা হয়নি। আগেরটাই রাখা হয়েছে। আমরা আশা করি সরবরাহকৃত প্রতিষ্ঠানগুলো সময় মতো বই সরবরাহ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.