নিউজ ডেস্ক।।
সেপ্টেম্বর থেকে আদৌ স্কুল-কলেজ খুলবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু, অসম সরকার ১ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ পুনরায় চালু করার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে।
অসম সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার, ২১ অগস্ট থেকে শিক্ষক-শিক্ষিকাদের কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকাকেই টেস্ট করাতে হবে। শুধু শিক্ষকরা নন, শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই নির্দেশ মেনে চলতে হবে।
বিবৃতিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ চালুর পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদেরই কেবল কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী এদিন জানান, রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য ২১ অগস্ট থেকে কোভিড টেস্ট শুরু হয়ে যাচ্ছে। কোভিড টেস্টের রিপোর্ট ছাড়া কেউই কাজে যোগ দিতে পারবেন না। হিমন্ত জানান, ১ সেপ্টেম্বর থেকে শেষ পর্যন্ত যদি না ক্লাস শুরু করা যায়, সেক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা দিতে হবে।
তিনি জানান, কেন্দ্র ছাড়পত্র দিলে তবেই পড়ুয়াদের ক্লাসে যোগ দিতে বলা হবে। এ ক্ষেত্রে রাজ্য সরকার আগ বাড়িয়ে কোনও সিদ্ধান্ত নেবে না
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
