প্রাথমিক শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়া হয়। ১৩ আগস্ট, বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

ওই নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ১২ আগস্ট, বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো :

১. বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।

২. বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেলসহ নিরূপণকৃত স্কেলে কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

৩. বর্তমান মূলবেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোনো ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়া হয়। যদিও শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি পূরণ হয়নি। এমনকি ১৩তম গ্রেডে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন কমানোর অভিযোগও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে নতুন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.