নিউজ ডেস্ক ।।
পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী তার সহকর্মী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর হয়েছে। আজ ৯ আগস্ট, রবিবার টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্টামফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।
পুলিশের দায়ের করা মাদক মামলার শুনানি শেষে আজ দুপুরে তার জামিন মঞ্জুর করা হয়। শিপ্রার বিরুদ্ধে করা মামলায় গত ৫ তারিখ আদালতে জামিনের আবেদন জানানো হয়।
এদিকে মেজর সিনহার অপর সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সিফাতের জামিন শুনানিও শেষ হয়েছে। আগামীকাল ১০ আগস্ট, সোমবার তার জামিন বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে। গত ৬ আগস্ট তার জামিনের রিভিউ আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে কর্তব্যরত পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করার দাবি করলেও একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা।
স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণবিষয়ক একটি ইউটিউব চ্যানেল তৈরির কাজ করছিলেন তিনি। পরিবার জানায়, এরই অংশ হিসেবে কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন সিনহা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
